মানিকগঞ্জ প্রতিনিধি :
বর্ষা মৌসুমে মানিকগঞ্জ জেলায় বেড়েছে সাপের উপদ্রব। গ্রামীণ এলাকাগুলোতে জমিতে পানি জমে থাকায় সাপ ঘরবাড়ির ভেতরে ঢুকে পড়ছে। এতে সাপের কামড়ের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়লেও জেলার সরকারি হাসপাতালগুলোতে পর্যাপ্ত এন্টিভেনাম নেই। ফলে মানুষের মধ্যে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
২৪ দিন আগে মানিকগঞ্জ সদর হাসপাতালে এন্টিভেনাম না থাকায় মুন্নি আক্তার নামের এক শিশুর মৃত্যু স্থানীয়দের মনে আরও ভয়ের সঞ্চার করেছে। তার পরিবার জানায়, দ্রুত হাসপাতালে নেওয়া সত্ত্বেও চিকিৎসকরা প্রয়োজনীয় এন্টিভেনাম সরবরাহ করতে পারেননি।
স্থানীয় কৃষক সেলিম মিয়া বলেন, “জমিতে পানি ওঠার পর থেকে প্রায় প্রতিদিনই সাপ দেখা যাচ্ছে। রাতে ঘুমাতেও ভয় লাগে।”
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্রীয়ভাবে বরাদ্দ না আসায় এন্টিভেনামের ঘাটতি তৈরি হয়েছে। তবে দ্রুত সরবরাহের আশ্বাস দিয়েছেন তারা।
বিশেষজ্ঞদের মতে, এ সময়ে সতর্ক থাকতে হবে। রাতে বাইরে বের হলে টর্চলাইট ব্যবহার করা, খালি পায়ে না হাঁটা এবং সাপের কামড়ের পর দেরি না করে নিকটস্থ হাসপাতালে নেওয়া জরুরি।
স্থানীয়দের দাবি, দ্রুত এন্টিভেনামের ব্যবস্থা না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।