গাজীপুর প্রতিনিধি :
'পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি' এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভাসহ নানা আয়োজনে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫।
বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন।
ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মো: বশিরুল আল মামুনের সভাপতিত্বে এবং রেঞ্জার মইনুল হোসেন তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক শামসুল আরেফিন।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহম্মেদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোতাস্সেম বিল্ল্যাহ, গাজীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: রফিকুল ইসলাম খান এবং বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: মনির হোসেন।
আলোচনা সভায় গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন বলেন, বৃক্ষ আমাদের শুধু অক্সিজেন দেয় না, এটি একটি বরকতময় দান। প্রতিটি গাছ লাগানো সদকার সমান। পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানব জীবনে গাছের অবদান অনস্বীকার্য। আমাদের নতুন প্রজন্মকে প্রাথমিক স্তর থেকেই গাছের যত্ন ও ভালোবাসা শেখাতে হবে।
আলোচনা সভা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মহানগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভাওয়াল রাজবাড়ী মাঠে গিয়ে শেষ হয়। রাজবাড়ী মাঠে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী ব্যাপী বৃক্ষমেলার শুভ উদ্বোধন করা হয়।
মেলায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা, পরিবেশবান্ধব প্রযুক্তি ও সচেতনতামূলক প্রদর্শনী স্থান পেয়েছে। মেলার উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের উপস্থিতি মেলাকে প্রাণবন্ত করে তোলে। শিক্ষার্থী ছাড়াও আমন্ত্রিত অতিথি ও সুধীবৃন্দ আগ্রহ নিয়ে মেলা ঘুরে দেখেন। তারা বিভিন্ন গাছের চারা সংগ্রহ করে এবং পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে ভুমিকা পালনের আশাবাদ ব্যক্ত করেন।