গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডে গ্রেফতার সাতজন আসামির প্রত্যেককে দুই দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৯ আগস্ট) বিকেলে গাজীপুর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর আল মামুন এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, দুপুরের পর প্রিজন ভ্যানে করে সাত আসামিকে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে আদালতে হাজির করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এ সময় তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন আদালতের পরিদর্শক আহসান উল্লাহ সাংবাদিকদের জানান, আদালত সাত আসামির প্রত্যেকের বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলোচিত এ ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার করে।
রিপোর্টার্স/এমআ