মাদারীপুর প্রতিনিধি :
রাখবো লেক পরিষ্কার, দূষিত হবে না বার বার’ এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের একমাত্র বিনোদন কেন্দ্র শকুনি লেকের পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছে স্ট্রিট ফুড ব্যবসায়ীরা। বুধবার সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অভিযান চলে বিকেল ৫টা পর্যন্ত।
অভিযানে লেকের চারপাশে পড়ে থাকা প্লাস্টিক বোতল, চিপসের প্যাকেট, পলিথিনসহ বিভিন্ন আবর্জনা পরিষ্কার করেন স্ট্রিট ফুড দোকানের মালিক ও কর্মচারীসহ দুই শতাধিক মানুষ। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতি সপ্তাহে একবার এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
পর্যটকদের সুবিধার জন্য পৌরসভার পক্ষ থেকে লেকের চারপাশের পিলারের সাথে একাধিক ডাস্টবিন বসানো হয়েছে। পাশাপাশি দোকানদাররা প্রতিটি দোকানের সাথে একটি করে ঝুড়ি রেখেছেন, যাতে ক্রেতারা সহজেই ময়লা ফেলতে পারেন।
স্ট্রিট ফুড ব্যবসায়ী সাব্বির হোসেন বলেন,এই লেক আমাদের সবার। যদি আমরা নিজেরা না দেখি, তাহলে কেউ এসে পরিষ্কার করবে না। তাই আমরা নিজেরাই এই দায়িত্ব নিয়েছি।
আরেক স্ট্রিট ফুড ব্যবসায়ী মেহেদী হাসান আকাশ বলেন,আমাদের দোকানে প্রতিদিন অনেক ক্রেতা আসে। আমরা চাই তারা যেন পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে খাবার খেতে পারে এবং লেকের সৌন্দর্য উপভোগ করতে পারে।
মাদারীপুর পৌরসভা সচিব খোন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন,শকুনি লেক মাদারীপুর শহরের প্রাণ। আমরা শুধু ডাস্টবিন বসিয়ে দায়িত্ব শেষ করছি না, বরং ব্যবসায়ী ও দর্শনার্থীদের সচেতন করতেও কাজ করছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এই লেক পরিচ্ছন্ন রাখা সম্ভব হবে।
মাদারীপুরের শকুনি লেক শুধু জেলার বাসিন্দাদের জন্য নয়, জেলার বাইর থেকেও প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করে। স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ লেকের সৌন্দর্য অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
রিপোর্টার্স২৪/এসএন