সিরাজগঞ্জ প্রতিনিধি :
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি পালন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির দাবিতে সিরাজগঞ্জের কাজিপুরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে উপজেলার মেঘাই পুরাতন বাজার থেকে র্যালি শুরু হয়। র্যালিটি উপজেলা চত্বর হয়ে আলমপুর চৌরাস্তায় গিয়ে শেষ হয়। এসময় সেখানে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত সমাবেশ।
র্যালি ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমির ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর-সদর একাংশ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা শাহিনুর আলম।
সমাবেশে প্রধান অতিথি'র বক্তব্যে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, আহত ও পঙ্গুত্ববরণ করেছেন তাদের আকাঙ্ক্ষা ছিলো ফ্যাসিবাদের বিদায়। ফ্যাসিবাদ বিদায় হয়েছে তবে ফ্যাসিবাদ ইজম বিদায় হয়নি। ফ্যাসিবাদী ইজমকে চিরতরে বিদায় করতে হলে দেশের সংস্কার করতে হবে।
তিনি আরও বলেন, জনসাধারণের দাবি নির্বাচনের আগে বিচার ও সংস্কার শেষ করতে হবে। মানুষের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী পরিবেশ তৈরীর করে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে হবে।
কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর জাহিদুল ইসলামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, কর্ম পরিষদ সদস্য মাওলানা আতাউর রহমান প্রমূখ।