বগুড়া প্রতিনিধি: ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.মো. শামছুল আলম বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের যারা মাদরাসা শিক্ষা ধ্বংস করতে চেয়েছিলো তারাই ক্ষমতা ছেড়ে পালিয়েছে। বর্তমানে মাদরাসা শিক্ষাকে ঢেলে সাজাতে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষকরা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে পারলেই আবারো সকল ক্ষেত্রে মাদরাসা শিক্ষার্থীরা মাথা তুলে দাড়াতে পারবে। আদর্শ শিক্ষার্থী গড়ে তুলতে পারলেই দুনিয়াতে শান্তি, আখিরাতে মুক্তি মিলবে।’
শনিবার (১৬ আগষ্ট) সকালে শহীদ টিটু মিলনায়তনে বগুড়া জেলার মাদরাসাগুলোর প্রধানদের উদ্যোগে ‘মাদরাসা শিক্ষা উন্নয়নে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘পতিত ফ্যাসিষ্ট সরকার দেশের আলেমদের মিথ্যা মামলা দিয়ে জুলুম নির্যাতন করেছে। তারা ঘরে থাকতে পারেননি। অসংখ্য আলেম মিথ্যা মামলা মাথায় নিয়ে কারাবাস করেছেন । আবার কেউ কেউ চাকরি হারিয়েছেন। এর পরিণাম হয়েছে , পতনের পর জুলুমকারীরা এবং বায়তুল মোকাররম মসজিদের ইমামও পালিয়ে গেছেন।’
ড.মো. শামছুল আলম আরও বলেন, ‘বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইসলামী শিক্ষার উন্নয়নে অনেক পদক্ষেপ নিয়েছেন। তাই শিক্ষকদেরকে মাদরাসায় আলেম তৈরীর জন্য আন্তরিকতার সাথে পাঠদান করতে হবে। ইসলামী সমাজ বা রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সৎ মানুষের দরকার। সে মানুষ তৈরীর কারিগর শিক্ষকরা। তাই ইসলামী শিক্ষা বাস্তবায়নে শিক্ষকদের মূল দায়িত্ব পালন করতে হবে।’
মহাস্থান শাহ সুলতান বলখি (রহ.) ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ আবু বকর ছিদ্দিকের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোডের্র চেয়ারম্যান প্রফেসর মিঞা মো. নূরুল হক, বিশেষ অতিথি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডীন প্রফেসর ড. মোহাম্মদ অলী উল্যাহ, সরকারী মুস্তাফাবিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ প্রফেসর ড. আহমাদুল্লাহ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের উপ- পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মহাতাব হোসেন, বগুড়া জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী আকন্দ প্রমুখ।