ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে র্যালি, মাছ অবমুক্তকরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের পুকুরে মাছ অবমুক্ত করা হয়।
এরপর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। জেলা মৎস্য কর্মকর্তা প্রশান্ত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সোহরাব হোসেন। এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আজমির শরীফ, অধ্যাপক আব্দুস সামাদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিরিন শারমিন খান এবং সফল মৎস্যচাষি শেখ মোহাম্মদ মহসিন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন শামীমা চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দেশের আমিষের চাহিদার প্রায় ৬০ শতাংশ আসে মাছ থেকে। তারা আরও বলেন, মিঠাপানিতে মাছ চাষ বাড়াতে হবে এবং প্রাকৃতিক উপায়ে মাছের উৎপাদন বৃদ্ধির উদ্যোগ নিতে হবে। পাশাপাশি মৎস্যচাষকে বীমার আওতায় আনার দাবি জানানো হয়, যাতে করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আরও বাড়ে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে সফল তিনজন মৎস্যচাষির মধ্যে সম্মাননা পুরস্কার প্রদান করা হয়।
রিপোর্টার্স২৪/এসএন