বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বর্ণাঢ্য সড়ক র্যালির মাধ্যমে শুরু হয়েছে সাত দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ।
সোমবার (১৮ আগষ্ট) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটির আয়োজনে জেলা প্রশাসন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে।
এরপর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে বগুড়া মৎস্য কর্মকর্তা কালি পদ রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (যুগ্মসচিব) হোসনা আফরোজা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা সিভিল সার্জন এ কে এম মোফাখখারুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ড. মো. আনিছুর রহমান।
আরও বক্তব্য রাখেন মাছ চাষীদের পক্ষে আদমদিঘী উপজেলার আব্দুল মুহিত তালুকদার। এতে মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক এসএম আবুল বাসার, উপসহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, জেলার মাছচাষি, জেলে, মৎস্যজীবী, হ্যাচারী অপরেটর, মৎস্য খাদ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দসহ মৎস্য সেক্টরের সাথে জড়িত বিভিন্ন অংশীজন, শিক্ষক, গবেষক, উন্নয়নকর্মী ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় জেলার নির্বাচিত দুই জন সফল মৎস্যচাষীকে পুরস্কার প্রদান করা হয়। তারা হলেন পাংগাস মাছের এককচাষে আব্দুল মুহিত তালুকদার ও কার্প-পাবদা মাছের মিশ্রচাষে আব্দুল খালেক। মাছ চাষের মাধ্যমে নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতে ও দেশের প্রাণিজ আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ন অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার পান তারা।
আলোচনা সভায় হোসনা আফরোজা দেশের সামগ্রিক মাছ চাষের উৎপাদনে সকল অংশীজনের অবদানকে গুরুত্বের সাথে তুলে ধরেন এবং দেশিয় মাছের উৎপাদন সকলের সমন্বয়ের সাথে কাজ করার আহবান জানান।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা