বগুড়া প্রতিনিধিঃ
বগুড়ার জাহাঙ্গীরাবাদ সেনানিবাসে অবস্থিত মিলেনিয়াম স্কলাস্টিক স্কুল এন্ড কলেজে মঙ্গলবার বর্ণাঢ্য আয়োজনে বার্ষিক বিজ্ঞান ও ব্যবসায় উদ্ভাবনী মেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে দিনব্যাপী এই আন্তঃহাউস মেলায় প্রতিষ্ঠানের তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণির বিজ্ঞান ও উদ্ভাবনমনা শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ১১ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও বগুড়া এরিয়া কমান্ডার এবং প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক মেজর জেনারেল এস এম আসাদুল হক, এনডিসি, পিএসসি। এ সময় প্রতিষ্ঠানের গভর্নিং বডির চেয়ারম্যান ও ১১ আর্টিলারি ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খুরশিদ আলম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি উপস্থিত ছিলেন।
মেলায় শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা, উদ্ভাবনী ক্ষমতা এবং বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে মোট ১৭১টি প্রকল্প উপস্থাপন করে।
প্রধান অতিথি প্রতিটি প্রকল্প ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন। তিনি উদীয়মান বিজ্ঞানীদের তাদের প্রকল্পগুলোকে আরও উন্নত করার পাশাপাশি মনোবল ধরে রাখার আহ্বান জানান। এছাড়াও, ভবিষ্যতে বিজ্ঞানভিত্তিক স্বপ্ন লালন করে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখার জন্য তিনি শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।
এসময় প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোঃ রফিকুল ইসলাম, পিএসসি, পদাতিক, উপাধ্যক্ষবৃন্দ, বগুড়া ও জাহাঙ্গীরাবাদ সেনানিবাসের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা, গভর্নিং বডির সদস্য, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য বাক্তিবর্গসহ অনেকেই উপস্থিত ছিলেন। ভবিষ্যতের বিজ্ঞানী, উদ্যোক্তা ও দেশ গড়ার কারিগর তৈরির প্রত্যয়ে এ প্রতিষ্ঠানে প্রতি বছর এ জাতীয় প্রদর্শনীর আয়োজন করা হয় মর্মে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মতামত ব্যক্ত করেন।
এস