বগুড়া প্রতিনিধি: শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া-৭ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী বলেন, ‘আওয়ামীলীগ একটি রক্ত পিপাসু খুনী সংগঠন। তারা লগি বৈঠার তাণ্ডবের মাধ্যমে ক্ষমতায় আসার পর জামায়াতে ইসলামীর এগারো জন শীর্ষ নেতাকে জুডিশিয়াল ক্যুর মাধ্যমে হত্যা করে। জামায়াত নেতাদের হত্যার মাধ্যমে তারা ফ্যাসিবাদী দুঃশাসনকে পাকাপোক্ত করে। এই সব জুডিশিয়াল ক্যুসহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে।’
বুধবার (২০ আগষ্ট) দুপুরে বগুড়া শহরের কলোনী শাহওয়ালী উল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত চকলোকমান ভোট কেন্দ্র কমিটির নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে গোলাম রব্বানী আরও বলেন, ‘জামায়াতে ইসলামী একটি কল্যাণময় সন্ত্রাস দুর্নীতি মুক্ত দেশ গড়তে কাজ করে যাচ্ছে। জনগণ ইতোপূর্বে বহু শাসন দেখেছে। এবার জনগণ সৎ, দক্ষ, যোগ্য ও দুর্নীতিমুক্ত নেতৃত্ব দেখতে চায়। জামায়াতে ইসলামী কুরআন সুন্নাহর আলোকে একদল সৎ, দক্ষ ও আল্লাহভীরু লোক তৈরি করছে। তাই সবাই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে আগামীতে জামায়াতে ইসলামীর প্রার্থীদের বিজয়ী করবে।’
নারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘মহান আল্লাহ নারীদের মর্যাদা বৃদ্ধি করেছেন। আর মর্যাদা সম্পন্ন মা বোনের আরো বেশী এগিয়ে আসলে কুরআনের সমাজ প্রতিষ্ঠা হবে। তাই ইসলামী সমাজ প্রতিষ্ঠায় মা বোনদের এগিয়ে আসতে হবে।’
আজাদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন ২১নং ওয়ার্ড জামায়াতের আমীর আব্দুস সালাম, জামায়াত নেতা শাহীন খান প্রমুখ।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা