ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারীতে নানা শারীরিক ও মানসিক ব্যাধিতে ভোগা ষাটোর্ধ্ব এক বৃদ্ধা আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে পৌরসভার উত্তর শিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধার নাম জামিরন বেগম (৬৩)। তিনি ওই গ্রামের হ্যালিপোর্ট এলাকার মো. ইদ্রিস শেখের স্ত্রী। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতা ও মানসিক বিপর্যয়ে ভুগছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বাড়ির সদস্যরা পাশের সড়কে পাটকাঠি থেকে আঁশ ছাড়াতে যান। সে সময় জামিরন বেগম ঘরে ছিলেন। কিছুক্ষণ পর বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা তার কক্ষ ভেতর থেকে বন্ধ দেখে ডাকাডাকি করেন। সাড়া না পেয়ে সন্দেহ হলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তারা জামিরন বেগমকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
থানার ভারপ্রাপ্ত (ওসি) জানান, নিহত বৃদ্ধা দীর্ঘদিন মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। অসহ্য রোগযন্ত্রণা থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। পরিবারের আবেদনের পর মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা