স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, ‘বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সততা, স্বচ্ছতা এবং যোগ্যতার বিকল্প নেই। যেদিন এই তিনটির সমন্বয় ঘটবে, সেদিন বাংলাদেশ হবে সোনার বাংলাদেশ। সেদিন দেশে থাকবে না কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, বালু-খেকো বা পাথর-খেকো।’
শনিবার (২৩ আগস্ট) বিকেলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অষ্টম আবর্তনের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রফিকুল ইসলাম খান আরও বলেন, ‘ভালো মানুষদের নীরবতার সুযোগ নিয়ে কিছু চাঁদাবাজ, সন্ত্রাসী ও দুর্নীতিবাজ সমাজে অশান্তি সৃষ্টি করছে, যা বরদাশত করা উচিত নয়।’
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩-এর মিলনায়তনে ইসলামি ছাত্রশিবির রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক রিয়াজুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ, সেক্রেটারি রেজওয়ানুল শোয়েব এবং শাহজাদপুর উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মিজানুর রহমান।
অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ক্রেস্ট, বই, প্রকাশনা ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা