খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ। ‘বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রজেক্ট’-এর উদ্যোগে এবং কানাডা সরকারের সহযোগিতায় জেলার নয়টি উপজেলায় চলছে ফলজ ও বনজ চারা বিতরণ কর্মসূচি।
রোববার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল চাকমা।
অনুষ্ঠানে বক্তারা জানান, এই কর্মসূচির মাধ্যমে নারীদের পাশাপাশি যুবক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পার্বত্য অঞ্চলে সবুজায়নকে আরও ত্বরান্বিত করা হবে। পরিকল্পনার অংশ হিসেবে বসতভিটা, ঝিরি, ঝর্ণা ও চরায় চারা রোপণ করা হবে, যা পাহাড়ি এলাকায় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার নয়টি উপজেলায় মোট ১৬ হাজার ৮৪৮টি চারা বিতরণ করা হবে। এর মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলায় ৩ হাজার ৭৯টি, দীঘিনালায় ৩ হাজার ৬০২টি, গুইমারায় ১ হাজার ৭৪৩টি, মাটিরাঙ্গায় ১ হাজার ৭৪৩টি, মহালছড়িতে ৩ হাজার ৬৬০টি এবং পানছড়িতে ৩ হাজার ২১টি চারা দেওয়া হবে।
অনুষ্ঠানে করলিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পরিচিতা খীসা, বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের জেলা কর্মকর্তা সুকেতন চাকমা, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নারীদের এবং শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই পরিবেশ সংরক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী ও টেকসই হবে। তারা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ পার্বত্য চট্টগ্রামের সবুজায়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা