| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুক্তরাষ্ট্রে দুই বাসের সংঘর্ষে নিহত দুই চালক, আহত ৯

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৪, ২০২৬ ইং | ১১:৪১:০৩:পূর্বাহ্ন  |  ২১৬৬ বার পঠিত
যুক্তরাষ্ট্রে দুই বাসের সংঘর্ষে নিহত দুই চালক, আহত ৯

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের রাজধানী কলম্বাসে দুটি গণপরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এবিসি নিউজ জানায়, এ ঘটনায় আহত হয়েছেন আরো নয়জন।

সোমবার সকালে ব্যস্ত সময়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় তৃতীয় একটি যানবাহনও বাস দুটির একটিকে ধাক্কা দেয়।

কলম্বাস পুলিশের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে শহরের উত্তর অংশে সেন্ট্রাল ওহাইও ট্রানজিট অথরিটির (কোটা) দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়। এ সময় তৃতীয় একটি যানবাহন বাসের পেছনে অথবা পাশে ধাক্কা দেয়।

কলম্বাস পুলিশের সার্জেন্ট জোসেফ অ্যালবার্ট বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, কোনো এক কারণে একটি বাস সড়কের মাঝের দুটি হলুদ দাগ পার হয়ে বিপরীত দিকের লেনে চলে যায়। এরপর বাসটির সঙ্গে অন্য বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি জানান, একটি বাসের চালক ঘটনাস্থলেই মারা যান। অন্য বাসের চালককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে মন্তব্য জানতে কোটা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

অ্যালবার্ট আরো জানান, আহত নয়জনের মধ্যে দুই বাসের যাত্রী এবং তৃতীয় যানবাহনের যাত্রীরা রয়েছেন। তাদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। আহত সবার শারীরিক অবস্থা স্থিতিশীল।

কারও আঘাতই প্রাণঘাতী নয়। এ ঘটনায় কোনো পথচারী আহত হননি। কলম্বাস সিটি কাউন্সিলের প্রেসিডেন্ট শ্যানন হার্ডিন এবং কাউন্সিলের সদস্য লুর্দেস বারোসো দে পাদিয়া এ দুর্ঘটনাকে হৃদয়বিদারক বলে উল্লেখ করেছেন। লুর্দেস জনসেবা ও পরিবহনবিষয়ক কমিটির প্রধান।

এক বিবৃতিতে তারা বলেন, সোমবারের দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি তারা গভীর সমবেদনা জানাচ্ছেন। বিশেষ করে নিহত দুই চালকের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন তারা। বিবৃতিতে আরো বলা হয়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, তা খুঁজে বের করার পাশাপাশি নিহত ব্যক্তিদেরও মনে রাখতে হবে। ছুটির মৌসুম শুরুর এই সময়ে তাদের পরিবারকে প্রিয়জন হারানোর শোক নিয়ে দিন কাটাতে হবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪