নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরের পরিস্কার রাস্তার মাথা -হাদার দোকান পরিষদ সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় সনাক্তকরণ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা ধারণা করছেন, নোয়াখালীর কোম্পানীগঞ্জের চালককে হত্যা করে ব্যাটারি চালিত অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
নিহতের নাম মো.রফিকুল ইসলাম (৫৫)। তিনি সিরাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফজল হক মিয়ার বাড়ির আক্কেল আলীর ছেলে। পেশায় তিনি অটোরিকশাচালক ছিলেন।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার চরজব্বার ইউনিয়ন ৫নং ওয়ার্ড নুর ইসলাম মিয়ার বাড়ির পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহতের মেয়ে মৌসুমী বেগম জানান, তার বাবা কয়েক মাস আগে একটি ব্যাটারিচালিত অটোরিকশা কিনেছিলেন। সোমবার দুপুরে খাওয়ার পর অটোরিকশা নিয়ে বের হন তিনি। রাতে আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা রাতভর ফোন করলেও তা বন্ধ পান। মঙ্গলবার সকালে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। মরদেহের গলায় দড়ির দাগ ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ও মুঠোফোন ছিনতাই করেছে।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, “প্রাথমিকভাবে এটিকে হত্যাকাণ্ড হিসেবে মনে হচ্ছে। গলায় দড়ি পেঁচানোর দাগ, বাম হাতের আঙুল থেতলানো, পিঠে ফোলা জখম রয়েছে। নাক-মুখের ভেতরে কোনো পদার্থ ঢোকানো হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা এলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/প্রীতিলতা