চট্টগ্রাম প্রতিনিধি: ফটিকছড়ির কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আত্মীয়ের বাড়ি থেকে আসামি মো. তাজুল ইসলামকে (৪০) আটক করা হয়। তাজুল ইসলাম কাঞ্চননগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চননগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে গ্রেপ্তার হওয়া তিন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তাদের জবানবন্দিতে তাজুল ইসলামের নাম উঠে আসে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন, তাজুল ইসলামকে তার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ পর্যন্ত মাহিন হত্যাকাণ্ডের ৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
উল্লেখ্য, মাহিন হত্যা মামলায় ৪ জন আসামি গ্রেপ্তার হলেও এখনো মামলার প্রধান আসামি মাস্টার নাজিম ও তৈয়বসহ আরও কয়েকজন পলাতক রয়েছে।
রিপোর্টার্স ২৪/প্রীতিলতা