বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের “শান্তির ঠিকানা” গণকবরস্থানে চাঁদার দাবিতে হামলা ও লুটপাটের অভিযোগে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেন কবরস্থান কর্তৃপক্ষ।
শনিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাউফল প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের প্রতিনিধি মো. মুশফিকুর রহমান।
তিনি অভিযোগ করেন, গত ১১ ফেব্রুয়ারি দুপুরে কবরস্থানের সীমানা প্রাচীর নির্মাণের সময় আবুবকর শিপন, নাহিদ, কালাম, সোহেল ও জব্বার মৃধাসহ আরও কয়েকজন ব্যক্তি দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে তারা হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এতে প্রায় ৩ লাখ ৫৬ হাজার টাকার মালামাল লুট হয়ে যায় ।
তিনি আরও বলেন, এসময় স্থানীয় মদনপুরা ইউনিয়ন বিএনপির নেতা-কর্মীরা বাঁধা দিলে হামলাকারীরা তাদের উপরও চড়াও হয়। পরে ১৪ ফেব্রুয়ারি বাউফল থানায় দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় মামলা দায়ের করা হয়।
অভিযুক্ত আবুবকর শিপন বলেন, এ ঘটনার তদন্ত করছেন বাউফল থানার পরিদর্শক আতিকুল ইসলাম। কিন্তু তদন্ত শেষ হওয়ার আগেই আমাদের বিরুদ্ধে বারবার ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম জানান, মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্তে চাঁদাবাজি ও হামলার প্রমাণ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব