খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধিন সিন্দুুকছড়ি জোনের সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার এবং ৪ ব্যক্তিকে আটকের খবর পাওয়া গেছে। ৩০ আগষ্ট শনিবার সকাল ৮টার দিকে সীতাকুন্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় একটি অস্ত্র কারখানায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ জন ব্যাক্তিকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয় বলে সেনাবাহিনীর সূত্র জানায়। স্থানীয়ভাবে তৈরি অস্ত্র ও অস্ত্র নির্মাণে ব্যবহৃত যন্ত্রপাতি ও অন্যান্য সরঞ্জামসহ ব্যক্তিদের আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।
সূত্র জানায়, শনিবার আনুমানিক ৮ ঘটিকায় ২০ ফিল্ড রেজি. আর্টি. সিন্দুকছড়ি জোন সদর হতে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল ইসমাইল সামস আজিজীর নেতৃত্বে ৩টি টহল দল সীতাকুন্ডের সলিমপুর ইউনিয়নের ছিন্নমূল এলাকায় একটি অস্ত্র কারখানায় অভিযান পরিচালনা করে অবৈধ অস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৪ জন ব্যাক্তিকে আটক করে। পরবর্তীতে আসামি ও সকল সরঞ্জামাদি সীতাকুন্ড মডেল থানার পুলিশের নিকট হস্তান্তর করা হয়। আটককৃত ব্যক্তিদের বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত অস্ত্র ও সরঞ্জামাদি হলো- ৬টি স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র, ৩৫ রাউন্ড খালি কার্টুজ, ৫ রাউন্ড ভরা কার্টুজ, ১টি চায়নিজ কুড়াল, ২০টি দা, ২টি ওয়াকি-টকি ও চার্জার, ১টি মাইক (মেগাফোন), ৪টি প্যারাশুট ফ্লেয়ার, অস্ত্র নির্মাণে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম ও যন্ত্রপাতি।
এসময় আটককৃত ব্যক্তি হলেন, কামরুল হাসান রেদোয়ান (৫০), রুমন (৪৫), মো. আশিক (২৫), মো. আমির ইসলাম (৪০)।
দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে সন্ত্রাসী কার্যক্রম, বেআইনি অস্ত্র তৈরি, সরবরাহ ও পাচারকারি ব্যক্তি বা দলের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এই অপারেশনাল কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানায় সেনাবাহিনী।
রিপোর্টার্স২৪/ধ্রুব