ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজা, নগদ টাকা ও মাদক ব্যবসায় ব্যবহৃত একটি ডিজিটাল ওজন মাপার মেশিনসহ নাছিরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম এ অভিযান চালায়। এ সময় উপস্থিত ছিলেন অধিদপ্তরের উপ-পরিদর্শক শাকিলার রহমান (বাদী)সহ সাতজন স্টাফ এবং দুইজন স্থানীয় স্বাক্ষী।
অভিযানকালে আসামির বসতবাড়ীর দক্ষিণ পাশের একটি কক্ষে অভিযান চালিয়ে তার হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একইসঙ্গে ব্যাগের ভেতর থেকে মাদক বিক্রির নগদ ১ হাজার ৯০০ টাকা এবং একটি ডিজিটাল ওজন মাপার মেশিন জব্দ করা হয়। উদ্ধার করা গাঁজার বাজারমূল্য আনুমানিক ২৪ হাজার টাকা এবং মেশিনের মূল্য ১ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাস্থলেই ৫ গ্রাম গাঁজা নমুনা হিসেবে আলাদা করে নেওয়া হয় এবং বাকি অংশ, জব্দ করা টাকা ও মেশিন সিলগালা করে অধিদপ্তরের হেফাজতে নেওয়া হয়। পরবর্তীতে আসামিকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়।
অভিযানে নেতৃত্বদানকারী উপ-পরিদর্শক শাকিলার রহমান জানান, আসামি নাছিরুল ইসলাম দীর্ঘদিন ধরে গাঁজা ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ও ২৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আসামি নাছিরুল ইসলামের বাড়ি একই এলাকার চিলারং দক্ষিণপাড়ায়। স্থানীয় দুই বাসিন্দা সোহাগ হোসেন ও মজিরুল ইসলাম ঘটনাটির স্বাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা