| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারী' উত্তরা ইপিজেডে সংঘর্ষ-প্রাণহানি, দুদিন পর আবার চালু হচ্ছে উৎপাদন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৫ ইং | ১৯:৩৬:৫২:অপরাহ্ন  |  ১৩৪৩৮৯৭ বার পঠিত
নীলফামারী' উত্তরা ইপিজেডে সংঘর্ষ-প্রাণহানি, দুদিন পর আবার চালু হচ্ছে উৎপাদন
ছবির ক্যাপশন: নীলফামারী' উত্তরা ইপিজেডে সংঘর্ষ-প্রাণহানি, দুদিন পর আবার চালু হচ্ছে উৎপাদন

নীলফামারী প্রতিনিধি : কারখানা বন্ধের জেরে সংঘর্ষ ও এক শ্রমিকের প্রাণহানির ঘটনার দুদিন পর বৃহস্পতিবার খুলছে নীলফামারীর উত্তরা ইপিজেডের সব কারখানা। আর যে কারখানা ঘিরে সংঘর্ষের সূত্রপাত হয়েছিল সেই এভারগ্রিন কারখানা খুলবে শনিবার।

ইপিজেডের নির্বাহী পরিচালকের কার্যালয়ের বুধবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে কারখানা ও বেপজা কর্তৃপক্ষ, পুলিশ ও জেলা প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক নেতাদের দীর্ঘ বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে।

নীলফামারীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ সিকদার বলেন, “শ্রমিকদের যে দাবি ছিল, মোটামুটি সব দাবি কারখানা কর্তৃপক্ষ মেনে নিয়েছে। কারখানা কর্তৃপক্ষ আমাদের প্রতিশ্রুতি দিয়েছে। তারা দাবিগুলো প্রতিপালন করবে।

কারখানাগুলো খোলার পর শ্রমিকরা যথারীতি তাদের কাজে যোগ দেবেন বলে জানান সামাদ সিকদার।

কারখানা বন্ধের জেরে সংঘর্ষে এক শ্রমিকের প্রাণহানির ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বলেন, “এটা আসলেই একটি দুঃখজনক ঘটনা। এখানে একটি প্রাণ চলে গেছে। এটার জন্য আমরা সবাই দুঃখিত। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে বিষয়ে আলোচনা হয়েছে।”

নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার কথা তুলে ধরে তিনি বলেন, “প্রাথমিকভাবে কোম্পানির পক্ষ থেকে তার পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আর যারা চিকিৎসাধীন আছে, তাদের উন্নত চিকিৎসার ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়েছে।

“কোম্পানি আমাদের নিশ্চিত করেছে হতাহতদের তাদের যত পাওনা আছে, আইনানুগভাবে সেটি পরিশোধ করা হবে। এ ছাড়া আমরা নিয়মিত এই বিষয়গুলো পরিদর্শন করব।

উত্তরা ইপিজেডের ‘এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরি বিডি লিমিটেড’ নামে একটি পরচুলা কারখানার শ্রমিকরা বিভিন্ন দাবিতে কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন। সোমবার হঠাৎ করেই কারখানা বন্ধের ঘোষণা দেয় ওই কোম্পানি কর্তৃপক্ষ।

এর জেরে মঙ্গলবার সকালে ইপিজেডের মূল ফটকে অবস্থান নেন কারখানাটির শ্রমিকরা। ইপিজেডের অন্য কারখানার শ্রমিকদেরও তারা কাজে যোগ দিতে বাধা দেন।

খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে হাবিবুর রহমান নামে এক শ্রমিকসহ অনেকে আহত হন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাবিব ইকু ইন্টারন্যাশনাল নামে একটি নিটিং কারখানায় কাজ করতেন।

সংঘর্ষ ও প্রাণহানির এ ঘটনার জেরে উত্তরা ইপিজেডের কারখানাগুলো বন্ধ হয়ে পড়ে, যা খুলছে বৃহস্পতিবার থেকে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪