শেরপুর (ময়মনসিংহ) প্রতিনিধি: শেরপুরের নালিতাবাড়ীতে মাদক মামলাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গিয়ে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে থানা পুলিশের এক এএসআই, এক কনস্টেবল এবং স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা পোড়াবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন -নালিতাবাড়ী থানার এএসআই ওমর ফারুক, কনস্টেবল নাজমুল এবং স্থানীয় বাসিন্দা শাহীন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মাজম আলী (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ইয়াবাসহ একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে তাকে ধরতে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় মাজম আলীসহ আরও কয়েকজন প্রতিবেশী মফিজুলের একটি পরিত্যক্ত বাড়ির রান্নাঘরে বসে ইয়াবা লেনদেন করছিল। পুলিশ সেখানে পৌঁছালে আসামিদের স্বজনসহ নারী-পুরুষ লাঠিসোটা নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এতে পুলিশের দুই সদস্য ও স্থানীয় শাহীন আহত হন। পরে তাদের উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে অভিযান চলছে।”
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা