সিনিয়র রিপোর্টার : রেলওয়ে পুলিশের সকল থানায় আগামীকাল বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) থেকে জনসাধারণের জন্য অনলাইন জিডি সেবা চালু হবে। ফলে ৬টি জেলার ২৪টি থানায় চালু হচ্ছে অনলাইন সেবা। এর মাধ্যমে দেশের সকল থানা সকল ধরনের অনলাইন জিডি সেবার আওতায় আসছে।
বুধবার পুলিশ সদর দপ্তর জানায়, প্রধান উপদেষ্টার নির্দেশনার আলোকে পুলিশি সেবা সহজীকরণের অংশ হিসেবে থানায় না এসে ঘরে বসে সকল ধরনের জিডি অনলাইনে করার সুবিধা চালু করেছে বাংলাদেশ পুলিশ।
পুলিশ সদর দপ্তর আরও জানায়, অনলাইন জিডি সেবা পেতে গুগল প্লে স্টোর থেকে ‘অনলাইন জিডি’ অ্যাপ ডাউনলোডের পর রেজিস্ট্রেশন করলে এ সেবা পাওয়া যাবে। এক্ষেত্রে একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই। রেজিস্ট্রেশন অথবা অনলাইন জিডি করতে কোনো ধরনের অসুবিধা হলে ০১৩২০০০১৪২৮ হটলাইন নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। হটলাইন নম্বরটি ২৪ ঘণ্টা চালু আছে। বাংলাদেশ পুলিশ জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা দ্রুততম সময়ে ও সহজে পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
রিপোর্টার্স২৪/এসএন