স্টাফ রিপোর্টার: এশিয়া ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রভাব বিস্তারকারী দেশগুলোর নতুন তালিকা প্রকাশ করেছে অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোই ইনস্টিটিউট। ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে ২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ২০তম। সূচকে বাংলাদেশের স্কোর ৮ দশমিক ৯। গত বছরের তুলনায় অবস্থান অপরিবর্তিত থাকলেও স্কোর কমেছে ০ দশমিক ১ পয়েন্ট।
তালিকায় ৭৮ দশমিক ৯ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ৭৩ দশমিক ৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে চীন। ৪০ দশমিক ৫ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এরপর রয়েছে যথাক্রমে জাপান (৩৮ দশমিক ৬), রাশিয়া (৩২ দশমিক ২), অস্ট্রেলিয়া (৩১ দশমিক ৭), দক্ষিণ কোরিয়া (৩১) ও সিঙ্গাপুর (২৬ দশমিক ৯)।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান সবচেয়ে এগিয়ে। পাকিস্তান রয়েছে ১৬তম অবস্থানে, ১৫ স্কোর নিয়ে। বাংলাদেশ ২০তম, শ্রীলঙ্কা ২১তম, নেপাল ২৬তম এবং আফগানিস্তান সূচকে অন্তর্ভুক্ত নয়। অন্যদিকে মিয়ানমার রয়েছে ২২তম অবস্থানে। সর্বশেষ তথা ২৭তম অবস্থানে রয়েছে তিমুর-লেস্তে (Timor-Leste)। তিমুর-লেস্তে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি স্বাধীন দ্বীপরাষ্ট্র, যা পূর্ব তিমুর (East Timor) নামেও পরিচিত।
লোই ইনস্টিটিউটের মূল্যায়নে, বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী দিক ভবিষ্যৎ সম্পদ বা ফিউচার রিসোর্সেস; এ ক্ষেত্রে দেশটির অবস্থান ১৩তম। অন্যদিকে অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ২৩তম, যা সূচকে দেশটির সবচেয়ে দুর্বল দিক।
এশিয়া পাওয়ার ইনডেক্সে অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা, স্থিতিস্থাপকতা, ভবিষ্যৎ সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রভাব ও সাংস্কৃতিক প্রভাবসহ আটটি বিষয় মূল্যায়ন করা হয়। ১৩১টি সূচকের ভিত্তিতে দেশগুলোর সামগ্রিক ক্ষমতা ও আঞ্চলিক প্রভাব নির্ধারণ করে প্রতিষ্ঠানটি।
গত ২২ নভেম্বর ২০২৬ সালের প্রতিবেদনটি প্রকাশ করে লোই ইনস্টিটিউট। এতে বলা হয়, ২০২৬ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে ওঠার চিত্র উঠে এসেছে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে ক্ষমতার ব্যবধান কমে আসার পেছনে বেইজিংয়ের অগ্রগতির চেয়ে ওয়াশিংটনের ভুল পদক্ষেপের ভূমিকা বেশি।
রিপোর্টার্স২৪/রাফিদ