স্টাফ রিপোর্টার,লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার(২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার চলবলা ইউনিয়নের হাজীটারি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন,স্থানীয় এলাহি বকসের ছেলে নুর ইসলাম (৫০) ও দেলোয়ার হোসেন (৪২)। এ সময় তাদের এক ভাতিজাও আহত হন।
স্থানীয়রা জানায়, সাম্প্রতিক সময় বিদ্যুৎ বিভাগ তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে। তীব্র গরমে অতিষ্ঠ হয়ে নুর ইসলাম ও দেলোয়ার হোসেন তাদের বাড়িতে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালু করার চেষ্টা করছিলেন। সকালে তারা খুঁটি থেকে সরাসরি বিদ্যুৎ সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তারা দুই ভাই ও তাদের এক ভাতিজা বিদ্যুৎস্পৃষ্ঠ হন।
খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপ সহকারী মেডিকেল অফিসার ওমর ফারুক বলেন, চারজনের দুই ভাই হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। বাকি দুইজনকে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে তারা বর্তমানে সুস্থ রয়েছেন।।
চলবলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিজ উদ্যোগে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে দুই ভাইয়ের করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের মাতম বিরাজ করছে।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা