নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে জেলার জলঢাকা উপজেলার টেংগনমারি বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে প্রায় ৯ কেজি নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রোপাইলিন শপিং ব্যাগ জব্দ করা হয়। এসময় নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রির অপরাধে মেসার্স ভাই ভাই স্টোরকে ১,৫০০ টাকা এবং মেসার্স রবিউল স্টোরকে ১,০০০ টাকা জরিমানা করা হয়। সর্বমোট ২,৫০০ টাকা জরিমানা আদায় করে সংশ্লিষ্ট দোকানদারদের ভবিষ্যতে এ ধরনের কাজে জড়িত না হওয়ার জন্য সতর্ক করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন নীলফামারী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তানজীর ইসলাম। প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ্-আল-মামুন।
এ সময় পুলিশ বিভাগের একদল চৌকস সদস্য অভিযানে সহযোগিতা করেন। পাশাপাশি অন্যান্য দোকান মালিকদের সতর্ক করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দোকানদারদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্যের ক্ষতিকর এই পলিথিনের ব্যবহার রোধে জেলার বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ প্রীতিলতা