স্টাফ রিপোর্টার,লালমনিরহাট: মাসব্যাপী স্বেচ্ছাশ্রমে জনসেবা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে লালমনিরহাট জেলা যুবদল। বৃক্ষরোপণ, রাস্তার পাশের আগাছা পরিষ্কার ও ক্ষতিগ্রস্ত কাঁচা-পাকা রাস্তা মেরামতের মতো কার্যক্রমে নিজেদের অর্থ ও শ্রম ব্যয় করে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।
শুক্রবার (৩ অক্টোবর) দিনভর লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের দুরাকুটি কবরস্থান থেকে আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের শালামারা ব্রিজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করেন যুবদলের নেতাকর্মীরা।
বর্ষা মৌসুমে রাস্তাটিতে বড় বড় গর্ত তৈরি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। এই পথেই প্রতিদিন দুই ইউনিয়নের প্রায় ১৫ হাজার মানুষ, বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ পথচারী চলাচল করেন। স্বেচ্ছাশ্রমে রাস্তার এই সংস্কার কাজ করায় স্বস্তি ফিরেছে জনজীবনে।
জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান এবং সদস্য সচিব হাসান আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা নিজ উদ্যোগে ইটের খোয়া, বালু ও মাটি দিয়ে রাস্তাটি মেরামত করেন। এছাড়া জেলার ১৬টি ইউনিয়নের বিভিন্ন ভাঙা রাস্তা মেরামত, রাস্তার ধারে বৃক্ষরোপণ ও আগাছা পরিষ্কারের কাজও করছেন তারা।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, ‘দুরাকুটি বাজারে যাতায়াতের এই রাস্তাটি দীর্ঘদিন ধরে খারাপ ছিল। যুবদলের ছেলেরা যেভাবে মেরামত করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়।’
দুরাকুটি এলাকার রহমত আলী জানান, ‘বর্ষার সময় পানি নামার কারণে রাস্তাটি ভেঙে পড়ে। বাচ্চাদের স্কুলে যাওয়া কষ্টকর হয়ে পড়ে। যুবদলের এই উদ্যোগে আমরা কৃতজ্ঞ।’
শিক্ষার্থী নাজনীন খাতুন ও আনারুল বলেন, ‘এটাই আমাদের স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা। বর্ষায় হাঁটাও যায় না, বই-খাতা নষ্ট হয়ে যায় কাদায় পড়ে। এখন রাস্তা ঠিক হয়েছে, আমরা খুব খুশি।’
জেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বন্যা-পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে নিজেদের অর্থায়নে আমরা এই জনহিতকর কাজ করছি। পুরো মাসজুড়েই এ ধরনের কাজ চলবে।
চলাচলে অনুপযোগী রাস্তাটি সংস্কার করায় স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি ও সন্তুষ্টি। যুবদলের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় জনসাধারণ।
রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা