| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাম্পের নোবেল না পাওয়ার বিষয়ে যা বলছে নোবেল কমিটি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১০, ২০২৫ ইং | ০৯:৪৬:১৭:পূর্বাহ্ন  |  ২১৯৬৩৫৪ বার পঠিত
ট্রাম্পের নোবেল না পাওয়ার বিষয়ে যা বলছে নোবেল কমিটি
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: চলতি বছরের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। যদিও শান্তিতে এবারের নোবেল পাওয়ার জন্য তীব্র আকাঙ্খা ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক আলোচনা- সমালোচনা শুরু হয়। তবে শেষ পর্যন্ত আন্তর্জাতিক সম্মাননাগুলোর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কার পেলেন না ট্রাম্প। 

শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় সময় সকাল ১১টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টায়) নরওয়ের রাজধানী অসলোর নোবেল ইনস্টিটিউট থেকে মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করেন নোবেল শান্তি কমিটির চেয়ারম্যান জোর্গেন ওয়াটনে ফ্রায়ডেন্স। এসময় এক সাংবাদিক তার কাছে জানতে চান, নোবেল পেতে ট্রাম্প নিজে এবং বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায় ও নেতাদের চাপ তাদের পুরস্কার ঘোষণায় কোনো প্রভাব ফেলেছে কি না?

জবাবে ফ্রায়ডেন্স বলেছেন, ‘দীর্ঘ ইতিহাসে নোবেল কমিটি এ ধরনের প্রচারণা ও মিডিয়ার উত্তেজনা দেখেছে। এছাড়া নোবেল কমিটির কাছে প্রতি বছর হাজার হাজার চিঠি আসে, যারা নিজেদের শান্তির দূত দাবি করেন। তবে আমরা শুধুমাত্র ব্যক্তির কাজ এবং আলফ্রেড নোবেলের করা উইল অনুযায়ী সিদ্ধান্ত নেই।’

প্রসঙ্গত, দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই একাধিকবার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেই নিজেকে নোবেল শান্তি পুরস্কারের দাবিদারও বলেছেন। এছাড়াও ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়া সাতটি দেশ ও শীর্ষ নেতাদের তালিকা প্রকাশ করেছে হোয়াইট হাউস।

এই তালিকায় রয়েছে- আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, গ্যাবোনের প্রেসিডেন্ট ব্রাইস অলিগুই এনগুয়েমা, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত, রুয়ান্ডার পররাষ্ট্রমন্ত্রী অলিভিয়ার নদুহুঙ্গিরেহে এবং পাকিস্তান সরকার।

সর্বশেষ বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘তিনি (ওবামা) এটা (নোবেল পুরস্কার) পেয়েছেন কিছুই না করার জন্য। এমনকি ওবামা জানতেন না তিনি কী জন্য নির্বাচিত হয়েছেন এবং তারা (নোবেল কমিটি) ওবামাকে এটা দিয়েছে আমাদের দেশকে ধ্বংস করা এবং অন্য কিছুই না করার জন্য।’ 

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা আগে ট্রাম্প আরও বলেন, ‘আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। (নোবেল কমিটির) যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যাই করে ঠিক আছে। আমি জানি আমি নোবেল জন্য যুদ্ধ বন্ধ করিনি। আমি যুদ্ধ বন্ধ করেছি, আমি অনেক মানুষের জীবন রক্ষা করেছি।’

উল্লেখ্য, ২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার মাত্র ৮ মাসের মাথায় শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন বারাক ওবামা। এ পদক্ষেপে অনেকেই হতবাক হয়েছিলেন এবং নানা আলোচনার জন্ম দিয়েছিল। সূত্র: বিবিসি

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪