| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাকার বিনিময়ে রোহিঙ্গা নারীকে একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান ও সচিবকে শোকজ

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২১, ২০২৬ ইং | ০২:১৩:১৩:পূর্বাহ্ন  |  ৭৩ বার পঠিত
টাকার বিনিময়ে রোহিঙ্গা নারীকে একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান ও সচিবকে শোকজ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়ন পরিষদে টাকার বিনিময়ে রোহিঙ্গা নাগরিকদের নামে ভুয়া জন্ম ও মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ উঠেছে। বিশেষ করে পূজা রানী নামের এক নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ ইস্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গোসাইপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক ও সচিব মোহাম্মদ জাহাঙ্গীরকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ।

অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূজা রানী নামের ওই নারীর নামে একই দিনে জন্ম ও মৃত্যু সনদ ইস্যু করা হয়েছে। তবে ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা তাকে চেনেন না বলে দাবি করেছেন। আবেদনপত্রে তার ঠিকানা শংকর ঘোষ গ্রাম উল্লেখ করা হলেও গ্রামবাসীর দাবি, গত ২০ বছরে ওই গ্রামে কোনো সনাতন ধর্মাবলম্বী পরিবারের বসবাস ছিল না।

এ ছাড়া নিবন্ধনে ওই নারীর বাবা-মায়ের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) ঠিকানা ঢাকার কেরানীগঞ্জ উল্লেখ করা হলেও অনলাইনে যাচাই করে তাঁদের প্রকৃত ঠিকানা বরিশাল ও পটুয়াখালীতে পাওয়া গেছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও প্রবীণ মুক্তিযোদ্ধা মানিক উদ্দিন তালুকদার বলেন, তাঁর জানা মতে, পূজা রানী নামে কোনো নারী ওই এলাকায় নেই। শংকর ঘোষ গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে কোনো হিন্দু অধ্যুষিত পরিবারও নেই।

একই গ্রামের যুবক মাসুদ উদ্দিন অভিযোগ করেন, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান ও সচিবের সহযোগিতায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে রোহিঙ্গাদের জন্মনিবন্ধন সনদ দিয়ে আসছে। তাঁর দাবি, কক্সবাজারের আশ্রয়শিবির থেকে পালিয়ে আসা কিংবা দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে থাকা রোহিঙ্গারা এসব সনদ সংগ্রহ করে বাংলাদেশি পাসপোর্ট তৈরি এবং বিদেশে যাওয়ার সুযোগ নিচ্ছে। বিষয়টি প্রশাসনকে একাধিকবার জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সচেতন মহলের মতে, যাচাই-বাছাই ছাড়া এ ধরনের জন্ম ও মৃত্যু নিবন্ধন দেশের জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

এদিকে অভিযোগ প্রকাশ্যে আসার পর ইউপি চেয়ারম্যান, সচিব ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা একে অপরের ওপর দায় চাপিয়ে অভিযোগ অস্বীকার করেছেন।

ইউনিয়ন আইটি সেন্টারের উদ্যোক্তা রাজু আহমেদ বলেন, সনদটি কীভাবে ইস্যু হয়েছে, তা তিনি জানেন না। তবে জন্মনিবন্ধনের পাসওয়ার্ড মাঝেমধ্যে তাঁর কাছে থাকে বলে স্বীকার করেন তিনি।

সাবেক কর্মস্থলের ইউপি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর মুঠোফোনে জানান, তিনি তিন দিনের প্রশিক্ষণে মধুপুরে অবস্থান করছেন। প্রয়োজনীয় কাগজপত্র না দেখে এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারবেন না।

অভিযোগ অস্বীকার করে গোসাইপুর ইউপি চেয়ারম্যান মো. শাহজামাল ইসলাম আশিক বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা আহমেদ বলেন, ঘটনাটি জানার পরপরই সংশ্লিষ্ট ভুয়া জন্ম ও মৃত্যু নিবন্ধন দুটি বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলা ও অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যান এবং সচিবকে তিন কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪