| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে ২০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন বীজ সংরক্ষণাগার চালু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৮, ২০২৫ ইং | ০৯:৩৩:৪৯:পূর্বাহ্ন  |  ১১৭৫৪৮২ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে ২০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন বীজ সংরক্ষণাগার চালু

ঠাকুরগাঁও প্রতিনিধি : দেশের শস্যভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ২০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন একটি বীজ সংরক্ষণাগার উদ্বোধন করা হয়েছে। এর ফলে মানসম্পন্ন বীজ সংরক্ষণ ও সরবরাহ নিশ্চিতের পাশাপাশি কৃষি উৎপাদনে গুণগত পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয় কৃষক ও কৃষিবিদরা।

শনিবার (১৮ অক্টোবর) এই সংরক্ষণাগারটি উদ্বোধন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর চেয়ারম্যান রুহুল আমিন খান। 

উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, দেশে সারের কোনো সংকট নেই, বরং পর্যাপ্ত পরিমাণ সার মজুদ আছে। এমওপি, টিএসপি, ডিএপিসহ পর্যাপ্ত পরিমাণ সারের মজুদ রয়েছে। আমাদের গোডাউনগুলো ভর্তি সার।

আধুনিক এই বীজ সংরক্ষণাগার উদ্বোধনের ফলে কৃষিক্ষেত্রে তারুণ্যের ভূমিকা বাড়বে বলে মনে করছেন স্থানীয় কৃষকেরা। এরফলে মানসম্পন্ন বীজের নিশ্চয়তা পাওয়ায় ফলন হারানোর ভয়ও দূর হবে।

পীরগঞ্জ উপজেলার জগথা গ্রামের কৃষক আব্দুল মতিন (৫০) নতুন সংরক্ষণাগারটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। তিনি বলেন, “আগে সারের জন্য একটু চিন্তা থাকত, যদিও এবার চেয়ারম্যান সাহেব কইলেন সার আছে। তার চেয়েও বড় কথা, ভালো বীজের অভাবে কতবার যে ফলন মার খাইছে! এখন এইখানে অত্যাধুনিক গুদামে বীজ থাকবে। আশা করি, ভালো মানের বীজ সময়মতো পাইলে আর লোকসান গুনতে হবে না।”

একই এলাকার তরুণ কৃষি উদ্যোক্তা শারমিন আক্তার (৩২) জানান, বীজ সংরক্ষণে আধুনিকতার ছোঁয়া পাওয়ায় তিনি অনেক খুশি। তিনি বলেন, “আগে বৃষ্টির দিনে বীজ নষ্ট হওয়ার চিন্তা ছিল। এখন উন্নত পদ্ধতিতে বীজ রাখা হবে। এটা আমাদের জন্য এক বিশাল ভরসা। আমরা যারা নতুন চাষবাসে এসেছি, তারা ভালো বীজ পেলে আরও বেশি ফলনের স্বপ্ন দেখতে পারব। মানসম্পন্ন বীজ হাতে পেলে কৃষিতে তরুণদের আগ্রহ আরও বাড়বে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের উপ-পরিচালক মো. ফারুক হোসেন, ড. এ কে এম মিজানুর রহমান, ড. রিপন সিকদার, মনোয়ার হোসেন, রুহুল আমিন, মো. কামরুজ্জামান, শামছুর রশিদ, শারমিন আক্তার, শারমিন খন্দকারসহ বিএডিসির বিভিন্ন স্তরের কর্মকর্তারা।

রিপোর্টার্স২৪/আরকে


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪