| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঠাকুরগাঁওয়ে চাতাল পাহারা দিতে গিয়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৪, ২০২৫ ইং | ০৭:৫২:৫৯:পূর্বাহ্ন  |  ১১৪৪৩২৯ বার পঠিত
ঠাকুরগাঁওয়ে চাতাল পাহারা দিতে গিয়ে ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে ভুট্টা ও ধানের বস্তা চুরি ঠেকাতে গিয়ে নিজ চাতালেই রহস্যজনকভাবে মারা গেছেন এক প্রবীণ ব্যবসায়ী। শুক্রবার ভোরে মথুরাপুর মাস্টারপাড়ার কাদের চাতাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম খায়রুল ইসলাম (৭২)। তিনি ওই এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। ভাড়া নেওয়া চাতালে তিনি ভুট্টা ও ধানের ব্যবসা করতেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি খায়রুল ইসলামের চাতাল থেকে নিয়মিতভাবে ভুট্টা ও ধানের বস্তা চুরি হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে তিনি নিজেই রাতে চাতালে থেকে পাহারা দিতেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিনি প্রতিদিনের মতো চাতালে যান। পরে শুক্রবার ভোর ৩টার দিকে চাতালের নাইটগার্ড তাঁকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে মরদেহ শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন।

রহিমানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হান্নান হান্নু জানান, খায়রুল ইসলাম সাবেক সুগার মিলের কর্মচারী ছিলেন। অবসর নেওয়ার পর তিনি মৌসুমি ভিত্তিতে ধান, গম ও ভুট্টার ব্যবসা করতেন। তিনি ডায়াবেটিস, হৃদ্‌রোগ ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানা গেছে। পরিবারের ধারণা, রাতের কোনো একসময় স্ট্রোক বা রক্তে শর্করার মাত্রা কমে গিয়ে তিনি মারা যেতে পারেন।

ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুর রহমান বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাত বা অস্বাভাবিক চিহ্ন পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো অভিযোগ নেই।’


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪