| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিতে নীলফামারীতে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ০১, ২০২৫ ইং | ০৮:৪৬:২৬:পূর্বাহ্ন  |  ১০৮২১০৬ বার পঠিত
সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিতে নীলফামারীতে মানববন্ধন
ছবির ক্যাপশন: সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিতে নীলফামারীতে মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত অধিকার নিশ্চিত করা এবং ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’ নীতি কার্যকরের দাবিতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১ নভেম্বর) নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী সাংবাদিক ইউনিয়নের (এনপিইউজে) উদ্যোগে সকাল ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র ডিসি মোড়ে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন। সাংবাদিকরা তাদের ২১ দফা দাবি সংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সমাবেশ থেকে দ্রুততম সময়ে সাংবাদিক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে ছিল—নবম ওয়েজ বোর্ড অবিলম্বে বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন, সাংবাদিকদের সর্বনিম্ন বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিক দম্পতি সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার নিশ্চিত করা, সাপ্তাহিক দুই দিন ছুটি ঘোষণা এবং গণমাধ্যমের স্বাধীনতাবিরোধী কালাকানুন বাতিল করা।

সমাবেশে সভাপতিত্ব করেন এনপিইউজের সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আরেফিনুল ইসলাম এটি। বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, এনপিইউজের সাধারণ সম্পাদক রিপন ইসলাম শেখ, দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি নাসির উদ্দিন শাহ মিলন, এটিএন নিউজের জেলা প্রতিনিধি মিল্লাদুর রহমান মামুন, সাপ্তাহিক নীল চোখ সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তহমিন হক ববি, আরটিভির জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধান, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি মঞ্জুরুল আলম সিয়াম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আল-আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক বাসুদেব, প্রচার সম্পাদক নুরল আমিনসহ আরও অনেকে।

নীলফামারী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা তার বক্তব্যে বলেন, ‘দীর্ঘদিন ধরে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হওয়ায় এবং দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির কারণে সাংবাদিকরা পরিবার নিয়ে চরম আর্থিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। সাংবাদিকতার মতো ঝুঁকিপূর্ণ পেশায় জীবন বাজি রেখে কাজ করার পরও যদি জীবিকার নিশ্চয়তা না থাকে, তবে তা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি।’

সভাপতি ইয়াসিন মোহাম্মদ সিথুন বলেন, ‘গণমাধ্যমকর্মীদের ওপর হামলা ও মামলার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। আমরা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে অবিলম্বে সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানাচ্ছি। আমাদের ২১ দফা দাবি পূরণ না হলে আন্দোলন অব্যাহত থাকবে।’

বক্তারা সাংবাদিকদের ওপর কর্পোরেট ট্যাক্সের উচ্চহার কমানো এবং ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত গঠনেরও দাবি জানান।

রিপোর্টার্স২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪