রিপোর্টার্স২৪ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দিনাজপুর সদর-৩ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করা হলে জেলায় উচ্ছ্বাসের সৃষ্টি হয়। এই ঘোষণা ঘিরে মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুর থেকে নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।
দুপুর ১২টার দিকে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের নেতৃত্বে দিনাজপুর শহরে একটি বিশাল মোটরসাইকেল আনন্দর্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
খবর ছড়িয়ে পড়তেই উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতা-কর্মীরা দলে দলে শহরে এসে র্যালিতে অংশ নেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনও এতে যুক্ত হয়। রাস্তাজুড়ে ‘ধানের শীষের বিজয় নিশ্চিত’, ‘দিনাজপুরের প্রার্থী বেগম জিয়া’—এমন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পরিবেশ।
অনেক নতুন ভোটারও র্যালিতে উপস্থিত ছিলেন। তারা জানান, নিজের আসনের প্রার্থী হিসেবে খালেদা জিয়াকে পেয়ে দারুণ উচ্ছ্বসিত। প্রথমবারের মতো ভোট দিচ্ছেন জানিয়ে এক তরুণ বলেন, “নিজ জেলার প্রার্থী হিসেবে ম্যাডামকে পেয়ে গর্বিত। আমি আমার প্রথম ভোটটি ধানের শীষে দিতে চাই।”
জেলা বিএনপির কয়েকজন নেতা জানান, এই প্রার্থী ঘোষণায় দিনাজপুরে উৎসবের আমেজ তৈরি হয়েছে। ইতোমধ্যে প্রতিটি ইউনিটে নির্বাচন প্রস্তুতি শুরু হয়েছে বলেও তারা জানান।
এ ছাড়া দিনাজপুর-১ আসনে মনজুরুল ইসলাম মঞ্জু, দিনাজপুর-২ আসনে সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-৪ আসনে আখতারুজ্জামান মিয়া এবং দিনাজপুর-৬ আসনে অধ্যাপক এ জেড এম ডা. জাহিদ হোসেনকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে। দিনাজপুর-৫ আসনের প্রার্থী ঘোষণা এখনও স্থগিত রয়েছে।
সব মিলিয়ে খালেদা জিয়ার প্রার্থিতা ঘিরে দিনাজপুর বিএনপি এখন নির্বাচনী উচ্ছ্বাসে সরব।
রিপোর্টার্স২৪/আরকে