কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে বিএনপির কেন্দ্র থেকে ঘোষিত এমপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করেছেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেকের অনুসারীরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে পৌরশহরের পেট্রলপাম্প সংলগ্ন অস্থায়ী কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম জেলা কৃষকদলের সদস্য ওবায়দুল হক বলেন, “কুড়িগ্রাম-৩ আসনে বিএনপি নেতা-কর্মীসহ সাধারণ জনগণের আশার প্রতিফলন হয়নি। ১৭ বছরের পরীক্ষিত, নির্যাতিত ও কারাবন্দি নেতা আব্দুল খালেকের নাম বিএনপির মহাসচিব ঘোষণা করেননি।”
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, আব্দুল খালেক কেন্দ্রীয় ছাত্রদলের দুইবারের ভারপ্রাপ্ত সভাপতি, যুবদলের সহসভাপতি এবং বর্তমানে রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। আন্দোলন করতে গিয়ে ২০২২ সালে আওয়ামী লীগপন্থী পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৪৫ দিন ছিলেন। ফ্যাসিস্ট হাসিনা পতন আন্দোলনের পুরো সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনা অনুসারে রংপুর বিভাগে কাজ করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে আব্দুল খালেক এক মুহূর্তের জন্যও দলের সিদ্ধান্তের বাইরে যাননি।
বক্তারা বলেন, “আমরা আশা করি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উলিপুর আসনের বিষয়টি তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।” সংবাদ সম্মেলনে আব্দুল খালেকের অনুসারীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব হায়দার আলী মিঞা বলেন, “যারা প্রার্থী পরিবর্তন চান, তারা বিএনপির কেউ নন; তারা ষড়যন্ত্রকারী। অন্যান্য দলের প্রার্থীদের সুবিধা করে দিতেই তারা এমন কাজ করছেন। উলিপুরের সর্বস্তরের মানুষের দাবি ছিল তাসভীর উল ইসলামকে প্রার্থী ঘোষণা করা। দল সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তাসভীর উল ইসলামকে প্রার্থী ঘোষণা করায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিএনপির নেতা-কর্মী ও কুড়িগ্রাম-৩ আসনের এলাকাবাসী কৃতজ্ঞ।”
উল্লেখ্য, কুড়িগ্রাম-৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সভাপতি তাসভীর উল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।
রিপোর্টার্স২৪/এসএন