পঞ্চগড় প্রতিনিধি:বাংলাদেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, নেপাল, ভারত ও ভূটান) স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে একদিনে রেকর্ড ১ হাজার ৭০১ মেট্রিক টন আলু রফতানি করা হয়েছে নেপালে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর ) এই বিপুল পরিমাণ আলু রফতানি করে দেশের কয়েকটি রফতানিকারক প্রতিষ্ঠান।এ রফতানির মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। চলতি-এ মৌসুমে মোট ৪৪৪১৫ মে. টন আলু রফতানি করা হয়।
রফতানিকারক প্রতিষ্ঠান হলো :- মিয়ামি ট্রেডিং, ফাস্ট ডেলিভারি ইন্টারন্যাশনাল, ট্রেন্ড, রোবো, বারুন অ্যাগ্রো লি, থিংকস টু সাপ্লাই, জাফরিন অ্যাগ্রো, মেসার্স হাবিব ইন্টারন্যাশনাল, এগ্রোটেক বিডি। রফতানিকৃত আলুগুলো মূলত ঠাকুরগাঁও, দিনাজপুর ও বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ করা হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অতিরিক্ত উপ-পরিচালক নুর হাসান জানান, প্রতিটি চালান বন্দরে প্রবেশের পর আলুর নমুনা সংগ্রহ করে পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষায় অনুমোদন পাওয়ার পর রফতানির ছাড়পত্র প্রদান করা হয়। পরে ট্রাকে করে ১ হাজার ৭০১ মেট্রিক টন আলু পরিবহন করা হয়। যা বাংলাদেশি ট্রাকে করে নেপালের মোরাং জেলার বিরাটনগর এলাকায় পাঠানো হয়েছে।
রিপোর্টার্স২৪/সোহাগ