নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে র্যাবের অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব-১৩, সিপিসি-২ নীলফামারী ক্যাম্পের একটি টহল দল শুক্রবার (৭ নভেম্বর) রাতে নীলফামারী-সৈয়দপুর মহাসড়কের পিলার বাজার এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি অটোরিকশা তল্লাশি করে। এ সময় চালক ও যাত্রীর সিটের নিচে প্লাস্টিকের বস্তায় লুকানো ১৮৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মনছুর আলী (৩৮), পিতা মৃত ওলিয়ার রহমান, সাং দক্ষিণ কেতকীবাড়ী (শান্তিনগর), এবং ফজলুল হক (৬৫), পিতা মৃত নুরুল হক, সাং উত্তর গোমনাতী (মাঝিয়ালী), উভয়েই ডোমার থানার বাসিন্দা।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা ও উপজেলায় অভিনব কায়দায় ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/আরকে