ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ জামায়াত মনোনীত প্রার্থীর সমালোচনা প্রকাশ করে বলেছেন, ঠাকুরগাঁওয়ের মানুষ ঢাকার কোনো সন্ত্রাসী বা মাস্তানকে ভোট দেবে না। তিনি জামায়াত নেতাদের 'মোনাফেক' ও 'ধর্মব্যবসায়ী' আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের জায়গা ঠাকুরগাঁওয়ের কোথাও হবে না।
রোববার ঠাকুরগাঁও সদর উপজেলার দৌলতপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জগন্নাথপুর ইউনিয়নবাসীর সঙ্গে এক মতবিনিময় সভায় আব্দুল হামিদ এসব কথা বলেন।
আব্দুল হামিদ তাঁর বক্তব্যে জামায়াতের ঘোষিত এক প্রার্থীর পরিচয় নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, গতকাল জামায়াত মিটিং করেছে। সাংবাদিকদের বরাতে আমরা জানতে পেরেছি, এখানে যাকে প্রার্থী তারা দিয়েছে, সে নাকি ঢাকার বড় মাস্তান। ঢাকার বড় সন্ত্রাসী—এটা আমার কথা নয়, তাদের নেতাদের কথা।"
তিনি জোর দিয়ে বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষ কোনো সন্ত্রাসী, কোনো মাস্তান, ঢাকায় থাকা কোনো নেতাকে ভোট দেবে না। এ কথা ঠাকুরগাঁওয়ের মানুষ জানিয়ে দিয়েছে।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিষয়ে কথা বলতে গিয়ে আব্দুল হামিদ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, "আমরা আমাদের প্রিয় মহাসচিবকে হয়তো পাবো না, কারণ গোটা জাতি, গোটা দেশের দায়িত্ব এখন তার কাঁধে।"
এরপর তিনি জামায়াতে ইসলামীর নেতাদের অতীত নির্বাচনী অবস্থান নিয়ে কঠোর প্রশ্ন ছুঁড়ে দেন। তিনি জানতে চান, "জামায়াতে ইসলামের নেতারা বিগত দিনের ধানের শীষের মার্কা নিয়ে নির্বাচন করেছিল, তারা কি এখন জান্নাতী না জাহান্নামী?
তিনি আরও বলেন, আজ এই প্রশ্ন যখন এসেছে, তাদেরকে নিয়ে বক্তব্য দেওয়ার কিছু নেই। অতএব, এরা হচ্ছে মোনাফেক, এরা হচ্ছে ধর্মব্যবসায়ী। এদের জায়গা ঠাকুরগাঁওয়ের কোথাও হবে না।
রিপোর্টার্স২৪/এসএন