গাইবান্ধা প্রতিনিধি : আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবেন বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
রোববার (৯ নভেম্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার সাদুল্লাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।তিনি বলেন, গণ অধিকার পরিষদের ছাত্র-যুবক- তরুণদের মাধ্যমে চব্বিশের গণঅভ্যুত্থান হয়েছে। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। তবে দেশ তথা জনগণের বৃহত্তর স্বার্থে-বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে যদি জোটের প্রস্তাব ওঠে আমরা সেটা বিবেচনা করব।
তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ দেশ পরিচালনার দায়িত্ব পেলে উত্তরাঞ্চলসহ দেশের সব বন্ধ চিনিকল ও পাটকল পুনরায় চালু করা হবে। উত্তরের চিকিৎসা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। ফলে অত্র এলাকার মানুষকে চিকিৎসার জন্য আর ঢাকামুখী হতে হবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন, গণঅধিকার পরিষদ রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- দলের গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের প্রার্থী সুরুজ্জামান সরকার।এসময় প্রার্থীর হাতে দলীয় প্রতীক তুলে দিয়ে ট্রাক মার্কায় ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
পরে সুরুজ্জামানের মমতাময়ী মা নুরের গলায় মালা পরিয়ে দেন এবং মাথায় হাত রেখে দোয়া করেন।
সন্ধ্যার পর গাইবান্ধার উদ্দেশে সাদুল্লাপুর ছাড়েন ভিপি নুরের গাড়ি বহর।
রিপোর্টার্স২৪/সোহাগ