| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

একটি গোষ্ঠী ধর্মীয় অনুভূতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১০, ২০২৫ ইং | ০৮:১২:৪৫:পূর্বাহ্ন  |  ১০৫১৮৯৪ বার পঠিত
একটি গোষ্ঠী ধর্মীয় অনুভূতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে : ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি চক্র, যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করে এ দেশের মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের মেয়েদের তুলে দিয়েছিল পাক বাহিনীর হাতে— তাদের সঙ্গে এ দেশের মানুষ কোনোভাবেই আপোস করতে পারে না। এরা আজ দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে, গ্রাস করার চেষ্টা করছে। ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে তারা নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে। আমরা সেটা হতে দিতে পারি না। এখনই আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের সেই চেতনাকে সামনে আনতে হবে।

তিনি আরও বলেন, একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা ভুলিয়ে দেওয়ার জন্য একটি মহল সুপরিকল্পিতভাবে চক্রান্ত চালাচ্ছে। যারা ১৯৭১ সালে পাকিস্তান হানাদার বাহিনীর সঙ্গে যোগসাজশ করে মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল এবং মা-বোনদের ওপর নির্যাতন চালিয়েছিল, সেই চক্রই আজ দেশটাকে গিলে খাওয়ার চেষ্টা করছে।


সোমবার (১০ নভেম্বর) ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, মুক্তিযোদ্ধারা নাকি ’৭১-এ কিছুই করেননি, দেশটার জন্য কোনো অবদান রাখেননি। এখন যারা ‘২৪-এ করেছে’, তারাই সব করেছে— এমন একটা ধারণা দেওয়া হচ্ছে। ৭১-এ আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়েছেন, অন্যায়ভাবে গুলি করে হত্যা করা হয়েছে। ওই একাত্তরে আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়িঘর ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। মা-বোনদের ওপর তখন ভয়াবহ নির্যাতন চালানো হয়েছিল। এসব আমরা ভুলতে পারি না। দীর্ঘ ৯ মাস আমরা যুদ্ধ করেছি, পরিবার-পরিজনের কোনো খোঁজ নিতে পারিনি।

মির্জা ফখরুল স্মরণ করিয়ে দিয়ে বলেন, বেগম খালেদা জিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন। আজ আপনারা যে ভাতা পাচ্ছেন, সেই উদ্যোগ তিনিই নিয়েছিলেন। তিনি সবাইকে বিভেদ সৃষ্টিকারী অপচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা হিন্দু-মুসলমান ভাই ভাই, একসঙ্গে আছি— কেউ যেন আমাদের বিভক্ত করতে না পারে।’

নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, আজকে নির্বাচনকে বানচাল করে দেওয়ার, পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। সেই নির্বাচন পিছিয়ে দেওয়া মানে আমাদের সর্বনাশ— এই দেশের সর্বনাশ। এখনই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।

তিনি অন্তর্বর্তী সরকারের প্রতি সম্মান জানিয়ে বলেন, আমরা তাকে শ্রদ্ধা করি, সম্মান করি। তিনি যেন দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন।


রিপোর্টার্স২৪/ডেস্ক

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪