| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, হেডলাইট জ্বালিয়ে চলছে যান

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১১, ২০২৫ ইং | ০৩:৫৪:৩৬:পূর্বাহ্ন  |  ১০৪৯৪৬১ বার পঠিত
পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, হেডলাইট জ্বালিয়ে চলছে যান
ছবির ক্যাপশন: পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, হেডলাইট জ্বালিয়ে চলছে যান

রিপোর্টার্স২৪ ডেস্ক : উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। কুয়াশায় মোড়ানো সারা এলাকা। বাতাসে বইছে হালকা শীতের ছোঁয়া। তবে দিনের বেলায় সূর্যের তেজে ৩০ থেকে ৩১ ডিগ্রির ঘরে থাকছে তাপমাত্রা। ফলে জেলার জনজীবনে অনুভূত হচ্ছে একই সঙ্গে শীত ও গরমের মিশ্র আবহাওয়া।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর আগের দিন সোমবার একই স্থানে তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনে প্রায় দুই ডিগ্রি কমে গেছে।

এদিকে ভোর থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারপাশ। এতে মাঠ-ঘাট, গ্রামীণ জনপদ থেকে শুরু করে শহরের রাস্তাঘাটও ঢাকা পড়ে যাচ্ছে সাদা চাদরে। যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।

হাড়িভাসা এলাকার অটোচালক করিম উদ্দীন বলেন, সকালে কুয়াশার কারণে হেডলাইট জ্বালালেও সামনের রাস্তা স্পষ্ট দেখা যায় না। চাকলাহাট এলাকার বাসিন্দা মাসুম বলেন, সকালে খুব ঠান্ডা লাগে। শীতের কাপড় না পরলে থাকা যায় না।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সতেন্দ্রনাথ রায় বলেন, বর্তমানে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। নভেম্বরের শেষ দিকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর ডিসেম্বর মাসজুড়ে পঞ্চগড় ও আশপাশের এলাকায় একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪