কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সীমান্তে গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে ভারতীয় শাড়ি, জিরা, বিভিন্ন প্রকার প্রসাধনী সামগ্রী, মোবাইল ফোন, গবাদিপশুসহ সর্বমোট ১১ লাখ ৩২ হাজার টাকার মালামাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।
বিজিবি জানায়, সম্প্রতি সীমান্তসংলগ্ন এলাকাগুলোতে জালনোট পাচারের সম্ভাবনা সংক্রান্ত তথ্যের ভিত্তিতে বিজিবি সীমান্তে অতিরিক্ত টহল ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। এজন্য প্রতিটি বিওপি’র টহল দল নিয়মিত সীমান্তে টহল পরিচালনা করছে, যাতে কোনো অপরাধচক্র সীমান্ত ব্যবহার করে অবৈধভাবে জালনোট বাংলাদেশে প্রবেশ করাতে না পারে। একই সঙ্গে স্থানীয় জনগণের সহযোগিতায় সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও তথ্য সংগ্রহ কার্যক্রমও চালানো হচ্ছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক ব্যক্তি বা যানবাহনের গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, দেশের সীমান্ত রক্ষায় আমরা সর্বদা অঙ্গীকারবদ্ধ। সেই সঙ্গে জালনোটসহ যেকোনো ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ ও অপরাধ দমনে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করা হচ্ছে।
রিপোর্টার্স২৪/এসএন