| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ১৪, ২০২৫ ইং | ০৫:৫৯:৩৭:পূর্বাহ্ন  |  ১৪৬২১৩৯ বার পঠিত
বাসে অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

বরগুনা প্রতিনিধি: বরগুনার আমতলীতে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় স্বর্ণা পরিবহনের একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। ঘটনার পরপরই আমতলী থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেন আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আমতলী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আতাউর রহমান রাসেল (২৯), গুলিসাখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ খান (২৮), পৌর যুবলীগ সদস্য মো. তম্ময় গাজী (৩৩), পৌর ছাত্রলীগের সাবেক সদস্য মো. কাওছার আহমেদ রনি (৩৩) এবং সাবেক ছাত্রলীগ কর্মী মো. ছগির মল্লিক (২৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১২টার দিকে আমতলী ফেরিঘাট সংলগ্ন সড়কের পাশে পার্কিং করা স্বর্ণা পরিবহনের বাসটিতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়লে স্থানীয়দের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।

অগ্নিসংযোগের পরপরই দায়ীদের ধরতে গভীর রাতে আমতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করা হয়। 

আমতলী ফায়ার সার্ভিস স্টেশনের ইন্সপেক্টর মো. আবু হানিফ বলেন, “অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ পুড়ে গেছে। দেশের চলমান পরিস্থিতির কারণে এমন অগ্নিকাণ্ড ঘটছে বলে আমাদের ধারণা।”

আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ বলেন, “সড়কের পাশে পার্কিং করে রাখা বাসটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪