নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর উত্তরা ইপিজেডে খেলনা উৎপাদনকারী প্রতিষ্ঠান সনিক বাংলাদেশ লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের আন্দোলনের প্রেক্ষিতে মঙ্গলবার (১৮ নভেম্বর) এই সিদ্ধান্ত নেয় কারখানা কর্তৃপক্ষ।
সনিক বাংলাদেশ লিমিটেডের শ্রমিকরা অকারনে শ্রমিক ছাঁটাই, ছাঁটাইকরা শ্রমিকদের পুনর্বহাল এবং কর্মস্থলে অসৌজন্যমূলক আচরণ, টিফিন ভাতা প্রদান, পিসি কমিটি গঠনসহ নয় দফা বাস্তবায়নের দাবীতে গত ১৬ নভেম্বর থেকে আন্দোলন শুরু করে।
এদিকে আন্দোলনের কারনে বাধ্য হয়ে সনিক বাংলাদেশ লিমিটেডের পরিচালক মি. সু ইয়ংবাও পোলো স্বাক্ষরিত প্যাডে ফ্যাক্টরী বন্ধের বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে সকালে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে অবস্থান নেন শ্রমিকরা। তারা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সমাবেশে বক্তব্য দেন মোহাইমিনুল ইসলাম, রশিদুল ইসলাম, হাবিবুর রহমান, শিমু আক্তার, নাছরিন বেগম, নুর জাহান প্রমুখ।
তারা অভিযোগ করেন, মালিকপক্ষ ২৬ দফা যৌক্তিক দাবি মেনে নিলেও কারখানার কয়েকজন বাঙালি ঊর্ধতন কর্মকর্তা এসব দাবি বাস্তবায়নে বাধা দিচ্ছেন। কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই করা হচ্ছে। অসুস্থতার জন্য ছুটি দেওয়া হয় না এবং ওভারটাইমের প্রাপ্য টাকাও পাচ্ছেন না।
রিপোর্টার্স২৪/মিতু