লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী পশ্চিমপাড়া এলাকায় একটি ড্রেন খননকাজের সময় পরিত্যক্ত একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে বাড়ির পাশে ড্রেন পরিষ্কার করার সময় গ্রেনেডটি দেখতে পান স্থানীয় বাসিন্দা পল্লী চিকিৎসক আব্দুল আজিজ। পরে তিনি বিষয়টি প্রতিবেশীদের জানান এবং সন্দেহ হলে স্থানীয়রা আদিতমারী থানায় খবর দেয়। পুলিশ গিয়ে গ্রেনেডটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আজিজ (৭৫) বলেন, মাটিখোঁড়ার সময় প্রথমে বস্তুটি দেখে সন্দেহ হয়। পরে বুঝতে পারি এটি গ্রেনেডের মতো। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় আশপাশের এলাকায় মুক্তিযোদ্ধারা অবস্থান নিতেন। সম্ভবত সে সময়ের ফেলে যাওয়া গ্রেনেড হতে পারে।
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্রেনেডটি মুক্তিযুদ্ধকালীন সময়ের। এটি নিরাপদে থানায় রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী নিষ্ক্রিয় করার প্রক্রিয়া নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম