| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশকে ভিপি নুরের হুমকি, নিন্দা জানাল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

reporter
  • আপডেট টাইম: মে ২৪, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ২৫০১৩২৪ বার পঠিত
পুলিশকে ভিপি নুরের হুমকি, নিন্দা   জানাল  পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন
ছবির ক্যাপশন: ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার : গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বাংলাদেশ পুলিশের বিরুদ্ধে হুমকি সংক্রান্তে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে। এ ঘটনায় শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মোঃ নাজমুল করিম খান ও সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিডিওটি পর্যালোচনা করে দেখা যায় যে, ভিপি নুরুল হক নুর গত ২২ মে ২০২৫ একটি গণজমায়েতে বলেন “এই অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ আমাদের গায়ে হাত দিলে ওই হাত আর আস্ত রাখবো না। পরিষ্কার কথা, ওই যাত্রাবাড়ীতে যেমনিভাবে জনতা পুলিশকে মেরে ব্রিজে ঝুলিয়ে রেখেছিল, এই গণঅধিকার পরিষদের কোন নেতা/কর্মীর গায়ে হাত তোলা হলে  ওই ভাবে ঝুলিয়ে দেওয়া হবে।”

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে,  বাংলাদেশ পুলিশ বাহিনী গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর অন্যতম অনুষঙ্গ। দেশের আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশ সর্বদা অতন্দ্র প্রহরী হিসেবে কাজ করছে। গণঅধিকার পরিষদের সভাপতির এহেন বক্তব্য পুলিশ বাহিনীর প্রতি এক ধরনের হুমকি যা কোনভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয়। এ ধরনের হুমকি একটি ফৌজদারী অপরাধও বটে। রাজনৈতিক নেতৃবৃন্দের কাছ থেকে রাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠান সম্পর্কে এহেন শিষ্টাচার বহির্ভূত বক্তব্যের পরিবর্তে গঠনমূলক সমালোচনাকে আমরা সবসময় স্বাগত জানাই।   

বিজ্ঞপ্তিতে  বলা হয়েছে, রাষ্ট্রের স্থিতিশীলতা এবং সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করা বাংলাদেশ পুলিশ বিগত ৫ আগস্ট পরবর্তী সময়ে অক্লান্ত পরিশ্রম করে দেশের শান্তিশৃঙ্খলা বজায় রেখে দেশবাসীর আস্থা অর্জনের মাধ্যমে অহর্নিশ কাজ করে চলেছে। অ্যাসোসিয়েশন মনে করে এ সময়ে বিশেষ কোন মহলের স্বার্থসিদ্ধির জন্য পুলিশের মনোবল ভাঙ্গার মাধ্যমে বাহিনীকে দুর্বল করে দেওয়ার উদ্দেশ্যে এরকম বক্তব্য দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এধরণের অপরাধমূলক ও জনশৃঙ্খলা বিনষ্টকারী বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এহেন বক্তব্য বিদ্বেষ ছড়িয়ে সামাজিক শান্তি বিনষ্ট করবে বলে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন মনে করে।

                                        

রিপোর্টাস২৪/এসএমএন


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪