শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী রাজা পাহাড় এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ কর্ণঝোড়া বিওপির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্ণঝোড়া বিওপির একটি টহল দল সোমবার ভোররাতে সীমান্তের রাজা পাহাড় এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া পরিত্যক্ত অবস্থায় ৯৭২ পিস ভারতীয় 'ডেনভার' ব্র্যান্ডের বডি স্প্রে উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
সোমবার দুপুরে ময়মনসিংহ ৩৯ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জব্দকৃত ভারতীয় বডি স্প্রেগুলোর আনুমানিক সিজার মূল্য ৪ লাখ ৮৩ হাজার টাকা।
সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। জব্দকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী শুল্ক গুদামে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
রিপোর্টার্স২৪/ঝুম