দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের দশমাইল মহাসড়কে মিনিবাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজন নিহত হয়েছেন। শনিবার (২২ নভেম্বর) দুপুর ২টার দিকে নশিপুর গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দিনাজপুর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কুতইড় মাঝাপাড়া গ্রামের মাজিয়া বেগম (১৫), মর্জিনা খাতুন (৫৫) এবং এক অজ্ঞাত শিশু। আরও একজন নারী দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান।
এ ঘটনায় অটোরিকশা চালক ও এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একই পরিবারের সদস্যরা একটি অটোরিকশায় করে কাহারোল উপজেলার কান্তজিউ মন্দিরে রাসমেলা দেখতে যাচ্ছিলেন। পথে নাসিব পরিবহনের একটি মিনিবাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে তিনজন মারা যান। পরে হাসপাতালে আরেকজনের মৃত্যু হয়।
দিনাজপুর দশমাইল হাইওয়ে থানার এসআই রেজাউল করিম জানান, দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। স্থানীয়রা ক্ষোভে সড়কে ব্যারিকেড দিলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রিপোর্টার্স২৪/এসসি