| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিলিগুড়িতে ‘চিকেন’স নেক’-এর নিরাপত্তা জোরদারের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক

reporter
  • আপডেট টাইম: নভেম্বর ২৩, ২০২৫ ইং | ০১:৩৯:৪৯:পূর্বাহ্ন  |  ১৯৭৩৪২৬ বার পঠিত
শিলিগুড়িতে ‘চিকেন’স নেক’-এর নিরাপত্তা জোরদারের জন্য উচ্চ পর্যায়ের বৈঠক
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: পার্শ্ববর্তী দেশে রাজনৈতিক অস্থিরতা এবং দিল্লির লালকেল্লার কাছে সাম্প্রতিক গাড়ি বিস্ফোরণের ঘটনায় সতর্কতা জোরদার করেছে ভারত সরকার। এই প্রেক্ষাপটে দেশটির কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা শিলিগুড়ি করিডর বা ‘চিকেন’স নেক’-এর নিরাপত্তা পুনর্মূল্যায়নে শনিবার (২২ নভেম্বর) শিলিগুড়িতে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার শিলিগুড়ি কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন সেনাবাহিনী, বিমানবাহিনী, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি, আইটিবিপি, মিলিটারি পুলিশ, আর্মি ইন্টেলিজেন্স, রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা, রেল পুলিশ, আরপিএফসহ একাধিক নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়া জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং এশিয়ান হাইওয়ে কর্তৃপক্ষের প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন। পোশাকি ভাষায় এই সমন্বিত বৈঠককে বলা হচ্ছে ‘স্টেট সাবসিডিয়ারি মাল্টি এজেন্সি সেন্টার’ বা ‘স্ম্যাক’ বৈঠক।

সূত্র জানায়, সীমান্ত এলাকার নজরদারি বাড়ানো, শিলিগুড়ি করিডরের গুরুত্বপূর্ণ সড়ক, মহাসড়ক, রেলসেতু, রেলস্টেশনসহ ঝুঁকিপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী স্পর্শকাতর এলাকাগুলোতে টহল ও নজরদারি বাড়ানো, ভারত-বাংলাদেশ এবং ভারত-নেপাল সীমান্তে কঠোর তদারকি চালানো, এবং বাইরে থেকে আগত ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণও বৈঠকে গুরুত্ব পায়।

এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, প্রতিটি সংস্থা তাদের পর্যবেক্ষণ ও পরামর্শ দিয়েছে। করিডরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়ানোর বিষয়ে সবাই একমত।

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে জঙ্গিযোগের তত্ত্ব উঠে আসায় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিআইএসএফ বাগডোগরা বিমানবন্দরের নিরাপত্তা বৃদ্ধি করেছে। এছাড়া নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারসহ গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে আরপিএফ ও জিআরপি বাড়তি নজরদারি শুরু করেছে। দীর্ঘপাল্লার রাজধানী এক্সপ্রেস, বন্দেভারতসহ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সূত্রের খবর, বাংলাদেশে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা বাড়ানোর বিষয়টিও বৈঠকে গুরুত্ব পেয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪