রিপোর্টার্স২৪ ডেস্ক: পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনী ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) সদরদপ্তরে তিন আত্মঘাতী জঙ্গির হামলায় তিন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় সকালে চালানো এ হামলায় আহত হয়েছেন অন্তত পাঁচজন।
পুলিশ জানায়, হামলাকারীরা জোরপূর্বক সদরদপ্তরের প্রবেশপথে ঢোকার সময় গুলি ছোড়ে। এরপর তারা ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়।
এফসির ডেপুটি কমান্ড্যান্ট জাভেদ ইকবাল বলেন, হামলায় তিনজন আধাসামরিক সদস্য প্রাণ হারিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে জানান, প্রথম আত্মঘাতী হামলাকারী প্রধান ফটকে বিস্ফোরণ ঘটায়। পরে অন্যরা ভেতরে প্রবেশ করে আরও বিস্ফোরণ ঘটায়। তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, ‘সদরদপ্তরের ভেতরে আরও হামলাকারী লুকিয়ে থাকতে পারে।’ এ কারণে সেনাবাহিনী ও পুলিশ এলাকা ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে।
ঘনবসতিপূর্ণ পেশোয়ার শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত এই সদরদপ্তর। স্থানীয় বাসিন্দা সাফদার খান জানান, হামলার পর সেনাবাহিনী, পুলিশ ও নিরাপত্তা বাহিনী রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং পুরো এলাকা ঘিরে ফেলে।
লেডি রিডিং হাসপাতালের মুখপাত্র মোহাম্মদ আসিম বলেন, হাসপাতালে নেওয়া আহত পাঁচজনের মধ্যে দুজন আধাসামরিক বাহিনীর সদস্য। ঘটনার দায় এখনো কোনো সংগঠন স্বীকার করেনি।
রিপোর্টার্স২৪/এসসি