ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জজ কোর্ট চত্বরের ভেতরে চা পান করার সময় অজ্ঞাতপরিচয় একদল লোকের হামলায় আহত হয়েছেন চারজন বাউল শিল্পী। ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগান দিতে দিতে হামলাকারীরা তাদের মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়।
বুধবার দুপুরে হামলার পর আহত বাউলরা ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে আজ বৃহস্পতিবার দুপুরে তারা সদর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আহত চার বাউলের পক্ষ থেকে মো. মকলেস (৩৮) বাদী হয়ে ঠাকুরগাঁও সদর থানায় জিডিটি (নম্বর: ১৩৯৭) করেন। জিডিতে তিনি উল্লেখ করেন, বুধবার বেলা ২টার দিকে কোর্টে হাজিরা শেষে তিনি তার তিন সঙ্গী—মো. মোখলেছুর রহমান (৪০), মজিদ সরকার (৬৬) ও মো. সামসুদ্দিন চিশতী (৭০)-কে নিয়ে কোর্ট চত্বরের একটি চায়ের দোকানে বসেছিলেন।
এ সময় হঠাৎই একদল লোক স্লোগান দিতে দিতে এসে তাদের ওপর হামলা চালায়। এতে তারা আহত হন এবং হামলাকারীরা বিভিন্ন ধরনের হুমকিও দেয়।
হামলার শিকার বাউল মো. মকলেস বলেন, “আমার মামলার তারিখ ছিল। হাজিরা শেষে আমার গুরু বাউল সামসুদ্দিন, মজিদ সরকার এবং দীপক আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তারা কান্তজিউ মন্দিরের মেলাতে এসেছিলেন। কোর্ট চত্বরে আমরা চা পান করছিলাম। কিছু বোঝার আগেই একদল লোক আমাদের ওপর হামলা শুরু করে এবং আরও কয়েকজন তাতে যোগ দেয়। আমি কাউকে চিনতে পারিনি, তাই অজ্ঞাতদের নামে জিডি করেছি।”
তিনি আরও জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর শামসুদ্দিনকে জয়পুরহাট এবং মজিদ সরকারকে ঢাকার সাভারে যাওয়ার জন্য ট্রেনে তুলে দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম নিশ্চিত করেছেন যে আহত চারজনকেই বৃহস্পতিবার দুপুরে ছাড়পত্র দেওয়া হয়েছে।
ঠাকুরগাঁও শহরের আট গ্যালারি এলাকার পাগলু স্ট্যান্ডের সভাপতি খোরশেদ আলম জানান, বাউল মকলেস তাদের স্ট্যান্ডের নাইটগার্ড হিসেবে কাজ করতেন এবং একটি মামলার হাজিরা দিতে গিয়ে তিনি গণপিটুনির শিকার হন।
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরোয়ারে আলম খান জিডি দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনাটি নিয়ে থানায় একটি জিডি হয়েছে। কারা হামলা করেছে, তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আদালতের অনুমতি নিয়ে জিডির তদন্ত করা হবে। ঘটনা তদন্তাধীন রয়েছে।”
উল্লেখ্য, বাউল শিল্পীদের ওপর হামলার বিচার এবং আরেক বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে গতকাল বুধবার ঠাকুরগাঁওয়ে একটি প্রতিবাদ সমাবেশ হওয়ার কথা ছিল। সেই সমাবেশ শুরু হওয়ার আগেই বাউলদের ওপর এই হামলার ঘটনা ঘটে।
রিপোর্টার্স২৪/এসএন