স্টাফ রিপোর্টার (লালমনিরহাট): লালমনিরহাট-বুড়িমারী জাতীয় মহাসড়কের মহেন্দ্রনগর বিশ্বগোডাউন সংলগ্ন অংশটি বন্ধ হয়ে যাওয়ায় এক সপ্তাহ পার হলেও প্রশাসনের কার্যকর উদ্যোগ না নেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন লালমনিরহাটের সর্বস্তরের মানুষ।
শনিবার (২৯ নভেম্বর) সকালে লালমনিরহাটের মিশনমোড়ে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, চলতি মাসের ২৪ তারিখে একটি পণ্যবাহী ট্রাক নির্মাণাধীন সড়ক সেতুর পাশে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার ছয় দিন পার হলেও বিকল্প সংযোগ সড়ক না হওয়ায় ঢাকা–রংপুর ও বুড়িমারীগামী পরিবহন চলাচল ব্যাহত হচ্ছে। সাধারণ যাত্রী থেকে ব্যবসায়ী সকলেই পড়েছেন সীমাহীন ভোগান্তিতে।
বক্তারা আরও জানান, জেলার হাজারো মানুষ প্রতিদিন বিকল্প রুটের অভাবে দূরপাল্লার যোগাযোগ বিচ্ছিন্নতার শিকার হচ্ছেন। দ্রুত সড়ক চলাচল স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও অবনতি হবে বলে আশঙ্কা প্রকাশ করা হয়।
আন্দোলনে নেতৃত্ব দেন তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধান সমন্বয়ক ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিনি দ্রুত বিকল্প সড়ক খুলে দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।”
অবস্থান কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সাধারণ নাগরিকরাও অংশ নেন।
রিপোর্টার্স২৪/আয়েশা